সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে রাজকীয় আয়োজনে সম্পন্ন হয়েছে সিলেটের দুই প্রবাসী চিকিৎসকের বিয়ে। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত অতিথিদের উপস্থিতিতে এ আয়োজনটি হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
বিবাহবন্ধনে আবদ্ধ হন আমিরাতে বাংলাদেশিদের প্রথম সামাজিক সংগঠন ‘সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই’–এর সভাপতি, ব্যবসায়ী ও এনআরবি ব্যাংকের পরিচালক আব্দুল করিম (সিআইপি)-এর কন্যা ডা. মাসুমা করিম এবং মরহুম মুজিবুর রহমানের ছেলে ডা. ইমরানুর রহমান। এই জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দুবাইয়ের দেরা এলাকায় অবস্থিত হোটেল হায়াত রিজেন্সির আল মাহা বলরুমে।
বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশসহ আরব আমিরাত ও অন্যান্য দেশ থেকে আগত বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ীরা, যাদের মধ্যে ছিলেন মাহতাবুর রহমান নাসির (সিআইপি), প্রকৌশলী সালাহউদ্দিন, মোহাম্মদ জামিল ইকবাল, খায়রুল ইসলাম, এনাম চৌধুরীসহ অনেক প্রবাসী বাংলাদেশি।
আরও
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবাসী কমিউনিটি নেতা খলিলুর রহমান খলু। তিনি নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের কামনা করেন এবং প্রবাসীদের মধ্যে ঐক্য বজায় রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। বরের বাবা আব্দুল করিম অতিথিদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে নবদম্পতির জন্য দোয়ার আহ্বান করেন।
বর্ণাঢ্য এই আয়োজনে দেশি-বিদেশি নানা রুচির খাবার পরিবেশন করা হয়। উপস্থিত বিদেশিরাও অনুষ্ঠানের রাজকীয় পরিবেশ ও আতিথেয়তায় মুগ্ধ হন। এই আয়োজনটি প্রবাসী সমাজে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন অতিথিরা।











