গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে নিজেদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) এই ঘটনায় প্রাণ হারান ২১ বছর বয়সী ক্যাপ্টেন রি বিরান, যিনি দখলদার বাহিনীর গোলানি ব্রিগেডের নজরদারি ইউনিটের টিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গাজার খান ইউনিস এলাকায় বেশ কয়েকটি ভবন গুঁড়িয়ে দেওয়ার অভিযানে অংশ নিচ্ছিল সেনারা। এসব ভবন হামাসের ব্যবহৃত বলে সন্দেহ করা হয়, ফলে সেগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেয় আইডিএফ। ভবন ধ্বংসে মাইন পুঁতে দেয় ইসরায়েলি সেনারা।
মাইন স্থাপন করার দুই ঘণ্টা পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ক্যাপ্টেন বিরান গুরুতর আহত হন। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের সময় ছিটকে আসা ধাতব অংশ তার শরীরে আঘাত হানে। আহত অবস্থায় কিছু সময় পরই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।
আরও
আইডিএফ আরও জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা বিশ্লেষণ করা হচ্ছে।
এর আগে গত সপ্তাহেও গাজার একটি ভবন ভাঙার সময় হামাসের হঠাৎ আক্রমণে এক বুলডোজারচালক ইসরায়েলি সেনা নিহত হন। সেই হামলায় হামাসের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর কাছ থেকে বেশ কিছু অস্ত্রও নিয়ে যায়।








