সর্বশেষ

আবুধাবিতে হিটস্ট্রোকে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Bangladeshi expatriate dies of heatstroke in abu dhabiCity ads Investment (1)

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মোহাম্মদ সোলায়মান (৪৩) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মনির আহমদের ছেলে। সোমবার (২৩ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সোলায়মানের চাচাতো ভাই আবদুল করিম জানান, আবুধাবির আল মারিয়া আইল্যান্ডে একটি নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন তিনি। অতিরিক্ত তাপদাহে কর্মরত অবস্থায় হিটস্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে দ্রুত স্থানীয় ক্লিভল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দফায় স্ট্রোক করলে তাঁর মৃত্যু ঘটে।

মোহাম্মদ সোলায়মানের মৃত্যুর খবর পৌঁছাতেই স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি এক স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সোলায়মানের মৃত্যুতে পরিবারটি চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে।

তাঁর মরদেহ বর্তমানে আবুধাবির সেন্ট্রাল মর্চারিতে রাখা হয়েছে। প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে চলমান তীব্র গরমের কারণে গত ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খোলা স্থানে কর্মরত শ্রমিকদের জন্য ‘মধ্যাহ্ন বিরতি’ আইন কার্যকর রয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শ্রমিকদের কাজে বিরতি দেওয়া বাধ্যতামূলক। তবে বাস্তবে অনেক নির্মাণ সাইটে এই নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03