সর্বশেষ

ইসরায়েলি হামলার ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস

Bangladesh embassy at risk of israeli attackCity ads Investment (1)

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ধারাবাহিক হামলার ফলে মারাত্মক ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ দূতাবাস ভবন। দূতাবাসের এক কিলোমিটারের মধ্যে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হিসেবে দুটি সংবেদনশীল স্থাপনা চিহ্নিত হওয়ায় বাংলাদেশ সরকার মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৬ জুন) সকালে তেহরান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, তেহরান ইউনিভার্সিটির পারমাণবিক মেডিসিন গবেষণা প্রতিষ্ঠানসহ দুটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা বাংলাদেশ দূতাবাস ভবনের একেবারে নিকটবর্তী।

দূতাবাস থেকে জানানো হয়, সংলগ্ন স্থাপনাগুলোতে হামলার আশঙ্কায় ভবনটি ও সেখানে অবস্থানরত কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যরা চরম ঝুঁকিতে রয়েছেন। সে কারণে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের তেহরান শহরের ৩০-৪০ কিলোমিটার দূরের নিরাপদ এলাকায় স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

ইতোমধ্যে দূতাবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সহায়তার জন্য দুটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করে +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ এবং +৯৮৯১২২০৬৫৭৪৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েল ইরানে হামলা চালালে উত্তেজনা তীব্রতর হয়। বিশেষ করে তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক স্থাপনার বিরুদ্ধে অভিযান হিসেবে উল্লেখ করেন।

এই হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। ফলে পুরো মধ্যপ্রাচ্যে স্নায়ুচাপ বাড়ছে এবং বিদেশি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup