সর্বশেষ

ড. ইউনূসের আমিরাত সফর: ভিসা জটিলতা নিরসনে আশাবাদী প্রবাসীরা

ড. ইউনূসের আমিরাত সফর: ভিসা জটিলতা নিরসনে আশাবাদী প্রবাসীরাProbashir city Popup 19 03

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে যাচ্ছেন। আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তিনি অংশগ্রহণ করবেন।

বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এই সম্মেলনে উপস্থিত থাকবেন। ১২তম এই আসরের মূল প্রতিপাদ্য বিষয় হলো, ‘ভবিষ্যতের সরকার গঠন’।

এই গুরুত্বপূর্ণ সম্মেলনে ৮০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা, ১৪০টি সরকারি প্রতিনিধি দল, ৬ হাজারের বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা অংশ নেবেন। আয়োজকরা আশা করছেন, গত বছরের তুলনায় এবারের আসরে উপস্থিতি ৫০ শতাংশের বেশি বাড়বে।

বিশ্বের সরকারগুলোকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে আসাই এই সম্মেলনের প্রধান লক্ষ্য। এর মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও সরকারি অগ্রগতিতে ন্যায়সঙ্গত উন্নয়নকে উৎসাহিত করা হয়। সম্মেলনে বিশ্ব নেতারা প্রযুক্তি, স্বাস্থ্য, মিডিয়া, বিমান চলাচল, পরিবহন ও পর্যটনসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

ড. ইউনূস ইতিপূর্বে বেশ কয়েকবার সংযুক্ত আরব আমিরাত সফর করলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি দেশটি সফরে যাচ্ছেন। তার এই সফর ঘিরে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে।

প্রবাসীরা মনে করছেন, সরকার প্রধানের এই সফর বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে ভিসা জটিলতা নিরসনসহ বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দুবাইয়ের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ আজিম তালুকদার বলেন, যেহেতু আমিরাতের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হবে, তাই তারা আশা করছেন, সেখানে তিনি বাংলাদেশিদের ভিসা জটিলতার বিষয়টি তুলে ধরে এর নিরসনে উদ্যোগ নেবেন।

শারজাহ প্রবাসী ব্যবসায়ী ও সংগঠক শাহাদাত হোসেন বলেন, আমিরাতে দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। বাংলাদেশি ব্যবসায়ীরাও তাদের প্রতিষ্ঠানে দেশীয় শ্রমিক নিতে চান। কিন্তু ভিসা জটিলতার কারণে ভিনদেশী শ্রমিক দিয়ে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। শ্রমিক ভিসার সমাধান করা গেলে আমাদের রেমিট্যান্স বাড়বে।

এর আগে গত মাসে দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপার্সন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তাকে এই সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03