সর্বশেষ

আমিরাতে ভুয়া হামলার ভিডিও ছড়িয়ে বাংলাদেশিসহ ১০ প্রবাসী গ্রেপ্তার

ScreenshotCity ads Investment (1)

সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক হামলার আসল ও ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক বাংলাদেশিসহ ১০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পাবলিক প্রসিকিউটরের সরাসরি নির্দেশে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ভিন্ন ভিন্ন দেশের নাগরিক বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম (ওয়াম) জানিয়েছে, গ্রেপ্তার হওয়া এই ১০ জনের মধ্যে দুজন ভারতের নাগরিক। এ ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, মিসর, ক্যামেরুন, নেপাল, ভিয়েতনাম ও ইরানের একজন করে নাগরিক রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পোস্ট করা এসব ভিডিওর কোনোটিতে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ও বস্তুর আঘাত হানার দৃশ্য, আবার কোনোটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া বিস্ফোরণ ও আগুনের দৃশ্য দেখানো হয়েছে।

দেশটির পাবলিক প্রসিকিউটরের দপ্তর স্পষ্ট জানিয়েছে, প্রচারিত ভিডিওগুলো আসল হোক বা বানোয়াট, এ ধরনের কাজ জনমনে তীব্র বিভ্রান্তি ও ভীতি তৈরি করে। এতে করে দেশের সার্বিক জননিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হয়। এ ছাড়া এসব ভিডিও সরকারবিরোধী বা ‘প্রতিকূল গণমাধ্যমকে’ রাষ্ট্রের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করার রসদ জোগায় বলে মনে করছে কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে ইতিমধ্যে ইচ্ছাকৃত প্রতারণা, জননিরাপত্তায় আঘাত হানা, জনমনে আতঙ্ক ছড়ানো এবং সামাজিক শান্তি বিনষ্ট করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। আমিরাতের প্রচলিত আইন অনুযায়ী, এসব অপরাধ আদালতে প্রমাণিত হলে আসামিদের সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে তাঁদের এক লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৩ লাখ টাকা) পর্যন্ত জরিমানার কঠোর বিধান রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup