মালয়েশিয়ার শ্রমবাজারে স্বচ্ছতা ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে বিদেশি শ্রমিকদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ/কেডব্লিউএসপি) বাধ্যতামূলক করা হয়েছে। সরকার বলছে, এই নীতিগত পরিবর্তন শ্রমখাতে একটি বড় ধরনের সংস্কার, যা শ্রমিক অধিকার সুরক্ষা ও দীর্ঘমেয়াদি কর্মশক্তি পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে।
নতুন ব্যবস্থায় শুধুমাত্র আইনসম্মতভাবে নথিভুক্ত অভিবাসী শ্রমিকরা ইপিএফ সুবিধার আওতায় আসবে, যা আনুষ্ঠানিক কর্মসংস্থানকে উৎসাহিত করবে। এতে অবৈধ ও অনিবন্ধিত শ্রমিক ব্যবহারের প্রবণতা কমে আসবে বলে কর্মকর্তারা আশা করছেন। একই সঙ্গে শ্রমিক সুরক্ষা, অধিকার বাস্তবায়ন এবং আইন মেনে চলার পরিবেশ আরো সুদৃঢ় হবে।
নিয়োগকর্তাদের জন্যও এ নীতি আর্থিকভাবে সুবিধাজনক, কারণ অভিবাসী শ্রমিকদের জন্য প্রদত্ত ২ শতাংশ ইপিএফ অবদান মালয়েশিয়ার ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬৭ অনুযায়ী ব্যবসায়িক ব্যয় হিসেবে কর ছাড়যোগ্য। এর ফলে স্থানীয় শ্রমিকদের মতো বিদেশি শ্রমিকদের ক্ষেত্রেও কর সুবিধা প্রযোজ্য হবে।
আরও
ইপিএফের তথ্যানুযায়ী, ইতোমধ্যে প্রায় ৬০ হাজার নিয়োগকর্তার মাধ্যমে ১৩ লাখের বেশি অভিবাসী শ্রমিক সফলভাবে নিবন্ধিত হয়েছে। যেসব প্রতিষ্ঠান এখনো ইপিএফ পোর্টালে নিবন্ধিত নয়, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে এবং নতুন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পে-রোল ব্যবস্থা হালনাগাদ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত লেনদেন KWSP i-Akaun (Majikan) প্ল্যাটফর্মের মাধ্যমে বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে।
শ্রমনীতি উন্নয়নের এই পদক্ষেপকে আন্তর্জাতিক মহলেও ইতিবাচকভাবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম ইকোসিস্টেম শক্তিশালী করতে মালয়েশিয়ার আগ্রহ এই সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, যা ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ আকর্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।












