সর্বশেষ

আমিরাতে মাছ ধরতে বেরিয়ে ফেরা হলো না দুই বাংলাদেশির

Two expatriates unable to return home after fishing in the emirates

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে। মাছ ধরতে যাওয়ার পথে তাদের গাড়ি পেছন দিক থেকে একটি ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার আমির হোসেন রুবেল (৪২) এবং সিলেটের বিছানাকান্দি এলাকার নাসির উদ্দিন (৪৮)। আহত হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদ মোক্তার আলী (৩৫)। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে আবুধাবির সিলা হাইওয়ের খলিফা বিন জায়েদ রোডের ১১ নম্বর এক্সিটের আগে।

আহত মোক্তার আলীর বরাত দিয়ে জানা যায়, সেদিন ভোরে তিনি নাসির উদ্দিনকে সঙ্গে নিয়ে হামিম এলাকায় মাছ ধরতে যাচ্ছিলেন। পথে গাড়িতে ত্রুটি দেখা দিলে তারা সেটি রাস্তার পাশে থামান এবং সহযোগিতার জন্য বন্ধু আমির হোসেন রুবেলকে ফোন করেন। রুবেল এসে গাড়ির কুল্যান্টে পানি ঢালার সময় হঠাৎ পেছন দিক থেকে একটি ছয় চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই গাড়িকে আঘাত করে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়।

দুর্ঘটনার পর তিনটি গাড়িতেই আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই রুবেল দগ্ধ হয়ে মারা যান এবং নাসির উদ্দিন মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান। তবে মোক্তার আলী ঘাড় ও পায়ে আঘাত পেলেও প্রাণে বেঁচে যান। বর্তমানে তিনি মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মরদেহ বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে।

রুবেল ও নাসির দীর্ঘদিন ধরে আবুধাবিতে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রুবেল ১৮ বছর ধরে প্রবাসে ছিলেন এবং তার তিন সন্তান রয়েছে। নাসিরও ১৭ বছর ধরে প্রবাসী ছিলেন; তার দুই সন্তান রয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত মোক্তার আলী।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post