সর্বশেষ

১৮৩০০ কিলোমিটার গাড়ি চালিয়ে মায়ের কাছে ছেলে

১৮৩০০ কিলোমিটার গাড়ি চালিয়ে মায়ের কাছে ছেলেProbashir city Popup 19 03

মায়ের সঙ্গে দেখা করতে ১৮ হাজার ৩০০ কিলোমিটার গাড়ি চালিয়ে ১৬টি দেশ পাড়ি দিয়েছেন এক যুবক। বীরজিৎ মুঙ্গাল নামের ওই যুবকের বাড়ি ভারতের মহারাষ্ট্রে হলেও থাকেন লন্ডনে। তবে তার মা বসবাস করেন ভারতে।

সুদূর যুক্তরাজ্য থেকে প্রতিকূল প্রকৃতির চ্যালেঞ্জ সামলে ১৮ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি। লক্ষ্য মায়ের সঙ্গে দেখা করা।

সম্প্রতি একসঙ্গে দুই সংকল্প নেন অ্যাডভেঞ্চার প্রিয় যুবক। মায়ের সঙ্গে দেখা করার পাশাপাশি বিখ্যাত সিল্ক রুটে গাড়ি চালানোর ইচ্ছাপূরণে খানিক ঝুঁকি নিয়েই বেরিয়ে পড়েন তিনি।

সেই সূত্রেই ডিঙাতে হয় লন্ডন থেকে ১৮ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ পথ। এযাত্রায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, রাশিয়া, উজবেকিস্তান, কিরগিজস্তান, চীন, তিব্বত, নেপাল, ভারত-সহ মোট ১৬টি দেশ অতিক্রম করেন বীরজিৎ।

এই যাত্রার জন্য অফিস থেকে দুই মাসের ছুটি নেন ভারতীয় যুবক। সঙ্গী হন তার বন্ধু রোশন শ্রেষ্ঠ। যদিও তিনি লন্ডন থেকে নেপাল পর্যন্ত ছিলেন। বাকি পথ একাই পাড়ি দেন বীরজিৎ।

বীরজিৎ জানান, দিনে গড়ে ৪০০ থেকে ৬০০ কিলোমিটার গাড়ি চালাতেন। কোনো কোনো দিন পরিস্থিতি বুঝে ১০০০ কিলোমিটার পথও গাড়ি চালিয়েছেন। তবে নিরাপত্তার কারণে রাতে গাড়ি চালাতেন না।

তিনি আরো জানান, সহজ ছিল না এই যাত্রা। বরফ, শীত, কোথাও কোথাও আবহাওয়া ছিল ভীষণই খারাপ।

যদিও দুর্গম পথে থমকে যাননি তিনি। ঠিক পৌঁছে গিয়েছেন মায়ের কাছে। ফিরবেনও কী এভাবেই? এবিষয়ে বীরজিৎ জানান, বিমানে লন্ডনে ফিরবেন তিনি। যে গাড়ি চালিয়ে তিনি এসেছেন, তা জাহাজের মাধ্যমে ব্রিটেনে পাঠিয়ে দেবেন।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03