গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের জন্য অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত দুটি উড়োজাহাজের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২ আগস্ট) দেশটির পসাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজের ক্রু সদস্যদের উদ্ধারে জোরালো তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দাবানলে রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমের শতাধিক ঘরবাড়ি ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। ওই এলাকার বিশাল অংশজুড়ে চলা দাবানল নিয়ন্ত্রণে সহায়তার সময় ফায়ার সার্ভিসের দুটি উড়োজাহাজের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে একই দিনে দেশটির জনপ্রিয় পর্যটন দ্বীপ কেফালোনিয়ায় নতুন করে ছড়িয়ে পড়া আগুনের কারণে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে ফ্রান্স ও স্পেনে বিধ্বংসী দাবানল চলছে। তবে ওই দুই দেশের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এলেও গ্রিসে নতুন করে কয়েকটি দাবানল ছড়িয়ে পড়েছে। এক বিবৃতিতে গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, এথেন্সের পশ্চিমে অ্যাটিকা অঞ্চলের পসাথা এলাকায় অগ্নিনির্বাপণ অভিযান চলাকালে দুটি উড়োজাহাজের মাঝে এই মর্মান্তিক সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ফোরকাস্ট ওয়েদার গ্রিস’-এর পোস্ট করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কম উচ্চতায় চলাচলের সময় দুটি উড়োজাহাজ খুব কাছাকাছি চলে আসে। এরপর নিচের দিকে থাকা উড়োজাহাজের প্রধান পাখা ওপরের উড়োজাহাজের নিচের অংশে আঘাত হানে। এর ফলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় উড়োজাহাজটিতে এবং পরে জ্বলন্ত অবস্থায় সেটি বিধ্বস্ত হয়। অন্যদিকে, দ্বিতীয় উড়োজাহাজটি সেটিতে থাকা পানি ফেলে দিয়ে দুর্ঘটনাস্থল ছেড়ে উড়ে যায়। তবে রয়টার্স জানিয়েছে, এই ভিডিও ফুটেজের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের কবলে পড়া একটি উড়োজাহাজের ক্রু সদস্যদের সন্ধান পাওয়া গেছে এবং তাঁরা নিরাপদে আছেন। তাঁদের উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। অপর দিকে, দ্বিতীয় উড়োজাহাজটির অবস্থান শনাক্ত করা হয়েছে। সেখানে আটকে পড়া ক্রু সদস্যদের উদ্ধারেও অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।







