Long Popup (2)
সর্বশেষ

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ

ImageProbashircityWebPopupUpdate

টানা প্রায় পাঁচ দিনের বিরতি শেষে ইরানে আবারও সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় (ইস্টার্ন টাইম) অনুযায়ী রাত আটটার (বাংলাদেশ সময় ভোর ছয়টা) দিকে এই অভিযান শুরু হয়। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বার্তায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের আগের দিনের (বুধবার) হামলার উপযুক্ত জবাব দিতেই নতুন করে এই অভিযান চালানো হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা অ্যামব্রের কর্মকর্তারা জানান, বুধবার বাংলাদেশ সময় ভোরের দিকে মিসরের ভূমধ্যসাগরীয় উপকূলের দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাংকারে ইরানি ড্রোন আঘাত হানে। এতে বন্দরটিতে আগুন ধরে যায়। ঠিক একই সময়ে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি। মূলত ইরাকের পূর্বাঞ্চলে ইরানপন্থী সামরিক গোষ্ঠীগুলোর ওপর মার্কিন ও সৌদি যৌথ বিমান হামলার সময়েই এ ঘটনা ঘটে। মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় দামিয়েত্তা বন্দরে অগ্নিকাণ্ডের কথা স্বীকার করলেও ড্রোন হামলার কোনো উল্লেখ তাদের বিবৃতিতে ছিল না।

ইরানে নতুন করে হামলার কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘জর্ডানে আমাদের সেনাঘাঁটিতে ইরান হামলা করেছে। এখন আমাদের পালা। আমাদের জবাব খুব কঠিন হবে।’ তবে এর পাশাপাশি তেহরানের সঙ্গে একটি শান্তিচুক্তি করার প্রচেষ্টা ওয়াশিংটন অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছিল। তবে জুলাইয়ের প্রথম সপ্তাহে হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি ট্যাংকারে ইরানের ড্রোন হামলার পর সেন্টকম পাল্টা আঘাত হানে। টানা ১৩ দিন পাল্টাপাল্টি হামলার পর গত ২৫ জুলাই থেকে উভয় পক্ষ ফের ‘বিরতি’ পালন করছিল।

এদিকে, বুধবার রাতে আইআরজিসি এক বিবৃতিতে জর্ডানে মার্কিন ঘাঁটি ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা স্বীকার করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালির যৌথ ব্যবস্থাপনায় ওমানের দেওয়া একটি প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate