মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে ইরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ জুলাই) ভোরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ ইরানি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির বরাতে জানা যায়, দেশটির সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বামপুর শহরে ইরানি স্থলবাহিনীর একটি ব্যারাকে এই হামলা চালানো হয়। সেখানে সেনা সদস্যদের অবস্থান ও আবাসিক এলাকা লক্ষ্য করে অন্তত ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী। ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় তাদের ৩৮৮তম ব্রিগেডের সাত সদস্য নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেনাবাহিনী এই ঘটনাকে ‘মার্কিন আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে এর বিপরীতে ‘কঠোর ও চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

আরও
তেহরানের দাবি, বর্তমান সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের নিয়মিত সেনাবাহিনীকে লক্ষ্য করে কোনো হামলা চালাল। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যৌথ যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের মূল সেনাবাহিনী কিংবা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) স্থাপনাগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়নি।
এদিকে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক মার্কিন হামলাগুলোতে ৩০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তবে এই হামলাগুলো ঠিক কোথায় হয়েছে এবং নিহতদের বিস্তারিত পরিচয় কী, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি। অন্যদিকে ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বুধবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর শহরের তিনটি পৃথক স্থানেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন প্রদেশটির গভর্নর।









