Long Popup (2)
সর্বশেষ

ঢাকাসহ যেসব আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া

Air india3344 6a05afa8e9f75ProbashircityWebPopupUpdate

জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি এবং আকাশপথ ব্যবহারের ওপর আরোপিত নানা বিধিনিষেধের কারণে গ্রীষ্মকালীন সূচিতে ব্যাপক রদবদল এনেছে ভারতের অন্যতম বৃহৎ উড়োজাহাজ পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া। এর জেরে ঢাকা, ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন গন্তব্যের প্রায় ৪০০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের পাশাপাশি বেশ কিছু রুটে ফ্লাইট সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে, যার ফলে গ্রীষ্মের ব্যস্ত মৌসুমে আন্তর্জাতিক রুটে ভ্রমণকারী হাজারো যাত্রীর ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

মূলত পশ্চিম এশিয়ায় চলমান ভূরাজনৈতিক সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক এভিয়েশন খাতে। এই সংকটের কারণে আকাশপথে বিধিনিষেধ থাকায় এয়ার ইন্ডিয়াকে দূরপাল্লার ফ্লাইট পরিচালনায় বাড়তি খরচের মুখে পড়তে হচ্ছে, যা বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠানটির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ঘোষণার কয়েক দিন আগেই এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেটের প্রতিনিধিত্বকারী সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইনস ভারত সরকারের কাছে লেখা এক চিঠিতে সতর্ক করেছিল যে, এভিয়েশন ফুয়েলের মূল্যবৃদ্ধির কারণে পুরো শিল্প চরম চাপের মুখে রয়েছে এবং কার্যক্রম বন্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, উত্তর আমেরিকা ও ইউরোপের গুরুত্বপূর্ণ রুটগুলোতে বড় ধরনের কাটছাঁট করা হয়েছে। এর মধ্যে দিল্লি-শিকাগো ফ্লাইট সম্পূর্ণ স্থগিত এবং দিল্লি থেকে সান ফ্রান্সিসকো, টরন্টো ও ভ্যাঙ্কুভারের মতো ব্যস্ত রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। এছাড়া দিল্লি-নিউআর্ক ও মুম্বাই-জেএফকে রুট সাময়িকভাবে বন্ধ থাকলেও মুম্বাই-নিউআর্ক রুটে সাপ্তাহিক সেবার পরিবর্তে প্রতিদিন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপের ক্ষেত্রে প্যারিস, কোপেনহেগেন, ভিয়েনা, জুরিখ, রোম এবং মিলানের মতো শহরগুলোতেও পূর্বনির্ধারিত ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনা হয়েছে।

দূরপাল্লার পাশাপাশি এশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন আঞ্চলিক রুটেও এয়ার ইন্ডিয়ার ফ্লাইট চলাচলে কাটছাঁট করা হয়েছে। আগস্টের শেষ পর্যন্ত মুম্বাই-ঢাকা, দিল্লি-সাংহাই, চেন্নাই-সিঙ্গাপুর ও দিল্লি-মালে রুটের ফ্লাইট পুরোপুরি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সিডনি, মেলবোর্ন, সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, হো চি মিন সিটি এবং হ্যানয়ের মতো জনপ্রিয় গন্তব্যগুলোতেও সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা আগের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে।

আকস্মিক এই পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের ভোগান্তি কমাতে বেশ কিছু বিকল্প সুবিধার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রীষ্মকালীন এই সূচি পরিবর্তনের কারণে যেসব যাত্রীর ফ্লাইট বাতিল বা সময়সূচি বিঘ্নিত হয়েছে, তাদের বিনা খরচে যাত্রার তারিখ পরিবর্তন, বিকল্প ফ্লাইটে আসন সংরক্ষণ অথবা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়ার সুযোগ দেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate