ইরানের মাশহাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় মাহান এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (৩০ মার্চ) চালানো এই হামলার ফলে উড়োজাহাজটির পূর্বনির্ধারিত ভারত সফর চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। সাধারণ মানুষের জন্য নয়াদিল্লি থেকে অতিপ্রয়োজনীয় ওষুধ ও মানবিক সহায়তা সামগ্রী আনতে আগামী ১ এপ্রিল ফ্লাইটটির ভারতে যাওয়ার কথা ছিল।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে তীব্র ওষুধসংকট দেখা দেওয়ায় এই মিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর আগে গত ১৮ মার্চ ভারত সরকার ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে দেশটিতে চিকিৎসা সরঞ্জামের প্রথম চালান পাঠিয়েছিল। ভারতের এই মানবিক সহায়তার জন্য নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস দেশটির জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছিল।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকেই ইরানের বিভিন্ন কৌশলগত ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে মার্কিন-ইসরায়েলি জোট। ইরানি কর্মকর্তাদের দাবি, মাশহাদ বিমানবন্দরে সোমবারের এই হামলায় উড়োজাহাজটির কাঠামোগত ব্যাপক ক্ষতি হওয়ায় এটি এখন উড্ডয়নের সম্পূর্ণ অনুপযুক্ত। নির্ধারিত সময়ে চিকিৎসা সরঞ্জাম না পৌঁছালে ইরানের স্বাস্থ্যসেবায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
আরও
মানবিক সহায়তা সংগ্রহের কাজে নিয়োজিত একটি বেসামরিক উড়োজাহাজের ওপর এমন হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখছে তেহরান। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি মেরামত করে পুনরায় মিশনে পাঠানো সম্ভব হবে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, মার্কিন প্রশাসন এই সুনির্দিষ্ট হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।








