‘আমি নাকি মারা গেছি’—কয়েক দিন আগে ঘুম থেকে উঠেই অদ্ভুত এই খবর জানতে পারি। শুধু তা–ই নয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নাকি মারা গেছেন! প্রথমে বিষয়টি দেখে হাসিই পেয়েছিল। মনে হচ্ছিল, এটি হয়তো ইন্টারনেটে ছড়িয়ে পড়া সেই সব অদ্ভুত গুজবের একটি, যা হঠাৎ সামনে আসে এবং কিছুক্ষণ পরই মিলিয়ে যায়। কিন্তু এরপর একের পর এক বার্তা আসতে শুরু করে। পরে দেখলাম, অন্তত ইরানের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী আমি মারা গেছি! এভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিজের ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর মৃত্যুর গুজব নিয়ে কথা বলেছেন ইসরায়েলের এক রিজার্ভ সেনাসদস্য।
গত রোববার (৮ মার্চ) সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এমনই একটি খবর প্রকাশ করেছে। সেখানে ওই সেনাসদস্য ইরানের সামরিক বাহিনীর সামাজিক মাধ্যমের প্রচারণায় নিজেকে ‘নিহত’ হিসেবে দেখার অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁর দাবি, এটি মূলত ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ ও বিভ্রান্তিমূলক প্রচারণার একটি অন্যতম উদাহরণ। ওই সেনাসদস্য জানান, কয়েক দিন আগে এক বন্ধু তাঁকে ফেসবুকে ‘ইরানিয়ান মিলিটারি’ নামের একটি গ্রুপের পোস্টের স্ক্রিনশট পাঠান। সেখানে আরও সাতজন ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) রিজার্ভ সদস্যের সঙ্গে তাঁর ছবিও প্রকাশ করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘৮ আইডিএফ সেনাসদস্য নিহত।’

আরও
প্রথমে বিষয়টি নিছক গুজব মনে হলেও পরিচিতজনদের কাছ থেকে একের পর এক বার্তা আসতে থাকায় তিনি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা যাতে আগেই এই গুজব দেখে আতঙ্কিত না হন, সে জন্য তিনি দ্রুত তাঁর স্ত্রী ও মা–বাবাকে ফোন করে নিজের সুস্থতার কথা জানান। ওই সেনাসদস্যের মতে, এ ধরনের পোস্ট কেবল সাধারণ ইন্টারনেট ট্রলিং নয়, বরং এটি একটি সুপরিকল্পিত কৌশল। দীর্ঘদিন ধরেই ইরানের সরকার মনস্তাত্ত্বিক যুদ্ধ ও ভুয়া তথ্য প্রচারের কৌশল ব্যবহার করে আসছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আঞ্চলিক প্রক্সি বাহিনী ব্যবহারের পাশাপাশি অনলাইনে এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা এই কৌশলের অন্যতম বড় দিক।
ইসরায়েলের হতাহতের ভুয়া খবর বা যুদ্ধক্ষেত্রে কল্পিত বিজয়ের গল্প ছড়িয়ে সাধারণ মানুষের মনে ভয় ও বিভ্রান্তি তৈরি করার চেষ্টাই এই প্রচারণার মূল লক্ষ্য। কৌতূহলবশত ওই সেনাসদস্য পরে ইরানের সামরিক বাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজেও ঢুঁ মারেন। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বেশ কিছু নিম্নমানের ছবি দেখতে পান, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মৃত অবস্থায় দেখানো হয়েছে। তাঁর মতে, বিষয়টি শুনতে যতটা অদ্ভুতই লাগুক না কেন, লাখ লাখ ইরানি নাগরিক এই ধরনের মাধ্যম থেকেই তথ্য পেয়ে থাকেন এবং অনেকের কাছে এসব অপপ্রচারই বাস্তব খবর হিসেবে উপস্থাপিত হয়।
বাস্তব সত্যকে দীর্ঘদিন আড়াল করা সম্ভব নয় উল্লেখ করে ওই সেনাসদস্য জানান, তিনি সুস্থ আছেন এবং স্বাভাবিক জীবন যাপন করছেন। ইসরায়েলের মানুষ এখনো তাঁদের দৈনন্দিন কাজ করছেন, পরিবারকে সময় দিচ্ছেন এবং প্রয়োজন হলে দেশের প্রতিরক্ষায় নিজেদের দায়িত্ব পালন করছেন বলে তিনি মন্তব্য করেন।











