মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক কঠোর বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে যাবে না ওয়াশিংটন, কেবল নিঃশর্ত আত্মসমর্পণই একমাত্র পথ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ওই পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ইরানে এমন এক নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করা প্রয়োজন, যাঁদের তিনি যুক্তরাষ্ট্রের কাছে ‘গ্রহণযোগ্য’ বলে মনে করেন। তাঁর মতে, দেশটির বর্তমান নেতৃত্ব ক্ষমতা থেকে সরে দাঁড়ালে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো ইরানের পুনর্গঠনে সার্বিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী, পুলিশ ও বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্যদের অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি শর্ত দিয়েছেন, এসব বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করলে তাঁদের পূর্ণ নিরাপত্তা বা দায়মুক্তি দেওয়া হতে পারে। আর এর ব্যত্যয় ঘটলে তাঁদের জন্য নিশ্চিত মৃত্যু অপেক্ষা করছে বলে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই রক্তক্ষয়ী সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য পরিস্থিতিকে আরও বেশি জটিল ও উত্তপ্ত করে তুলবে।











