মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে শ্রীলংকার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের হামলায় একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ভারতের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে চাপ তৈরি হতে পারে বলে মনে করছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
বৃহস্পতিবার (৫ মার্চ) ব্লুমবার্গ ইকোনমিকসের ভূরাজনৈতিক অর্থনীতি বিশ্লেষক চেতনা কুমার ও অ্যাডাম ফারার লিখেছেন, এই ঘটনাটি ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনার ঝুঁকি বাড়াতে পারে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য ঘরোয়া অস্বস্তির কারণ হতে পারে।
বিশ্লেষকদের মতে, ইরানি জাহাজে হামলার ঘটনাটি একটি অস্বস্তিকর দৃষ্টান্ত তৈরি করেছে এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারত ও শ্রীলংকা—উভয় সরকারের ওপরই রাজনৈতিক চাপ বাড়িয়েছে। তবে এটিকে দক্ষিণ এশিয়ায় বড় আকারে সংঘাত ছড়িয়ে পড়ার ইঙ্গিত হিসেবে তারা দেখছেন না।
আরও


ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার বিষয়ে স্পষ্ট নিন্দা না করায় ভারতে সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি, নিরাপত্তা ও বিনিয়োগ স্বার্থ রক্ষার মতো জটিল ভারসাম্য রক্ষার কৌশল নিয়েই এগোচ্ছে নয়াদিল্লি।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কও বর্তমানে নানা কারণে পরীক্ষার মুখে রয়েছে। কঠিন শুল্ক আলোচনা এবং প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
ঘটনাটি যেহেতু শ্রীলংকার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি ঘটেছে, তাই প্রকাশ্যে কিছুটা দূরত্ব বজায় রাখার সুযোগ পাচ্ছে নয়াদিল্লি। তবে ভারত ও শ্রীলংকা যেখানে নিয়মিত যৌথ টহল পরিচালনা করে, সেই এলাকায় একটি মার্কিন সাবমেরিনের উপস্থিতি ভারতের কৌশলগত মহলে উদ্বেগ বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীলংকা কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ফ্রিগেট আইআরআইএস দেনা বুধবার দেশটির উপকূলের কাছে ডুবে যায়। এতে ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে, আর শতাধিক নাবিক নিখোঁজ বা নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন সাবমেরিন জাহাজটিকে ডুবিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন সাবমেরিন ভূপৃষ্ঠে থাকা জাহাজে সরাসরি হামলা চালাল।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধজাহাজটি ভারত সফর করেছিল। সে সময় যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ প্রায় ৪০টি দেশের নৌযানের সঙ্গে একটি আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নেয় জাহাজটি।\










