ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান কত দিন স্থায়ী হবে, তা নিয়ে দুই দেশের শীর্ষ নেতাদের কাছ থেকে কিছুটা ভিন্ন বার্তা পাওয়া গেছে। একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে তাঁরা দীর্ঘমেয়াদি যুদ্ধের পক্ষে নন, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই অভিযান আরও সপ্তাহচারেক চলতে পারে।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার নির্দিষ্ট লক্ষ্য নিয়েই তাঁরা এই যুদ্ধ শুরু করেছেন। তবে সংঘাতের মেয়াদকাল নিয়ে তিনি স্পষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি। তিনি মন্তব্য করেন, তাঁরা কেবল যুদ্ধের সূচনা করেছেন, বাকি দায়িত্ব ইরানের জনগণকেই নিতে হবে। তাঁর এই বক্তব্যে মূলত ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের বা ‘রেজিম চেঞ্জ’-এর প্রতিই ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে তাঁকে ‘এক কথার মানুষ’ ও স্পষ্টবাদী নেতা হিসেবে অভিহিত করেন।
অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সময়সীমা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, ইরান একটি বিশাল ও শক্তিশালী দেশ হলেও চলমান এই অভিযান শেষ করতে চার সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়।
আরও
তবে বিশ্লেষকরা মনে করছেন, প্রযুক্তিগত ও সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এগিয়ে থাকলেও ইরানের জটিল আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামো কেবল শীর্ষ নেতৃত্বকে সরিয়ে পরিবর্তন করা সম্ভব নয়। দেশটির দীর্ঘদিনের মতাদর্শিক ভিত্তি ও অভ্যন্তরীণ সমীকরণ এই লক্ষ্য অর্জনের পথে বড় বাধা হতে পারে।












