নাইজেরিয়ায় একজন গভর্নরের প্রকাশ্যে রাস্তায় প্রস্রাব করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরিহিত ওই গভর্নর তাঁর গাড়িবহর থামিয়ে রাস্তার পাশের একটি দেয়ালের দিকে মুখ করে প্রস্রাব করছেন। এ সময় আশপাশের লোকজন ও পথচারীরা বিস্ময়ের সঙ্গে তাঁর এই কাণ্ড দেখছিলেন।
প্রকাশ্য রাস্তায় এমন কাজ শেষ করে গভর্নর তাঁর পোশাক ঠিক করেন। এরপর একটি প্লাস্টিকের বোতল থেকে পানি নিয়ে হাত ধোন এবং বোতলটি মুখের কাছে নিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখেন। পুরোটা সময় তাঁকে বেশ নির্বিকার দেখাচ্ছিল। এরপর তিনি শান্ত ভঙ্গিতে নিজের গাড়িবহরের দিকে ফিরে যান। বিস্ময়কর ব্যাপার হলো, এ সময় তাঁর নিরাপত্তাকর্মী ও সঙ্গীরা কাছাকাছি দাঁড়িয়ে থাকলেও কেউ তাঁকে এমন কাজ থেকে বিরত করার চেষ্টা করেননি বা আড়াল করারও কোনো ব্যবস্থা করেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে নেতৃত্বের জন্য একটি লজ্জাজনক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন। এক্সে (সাবেক টুইটার) একজন ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, একজন জনপ্রতিনিধির এমন আচরণ অত্যন্ত অপ্রত্যাশিত ও অসম্মানজনক। এর মাধ্যমে জনসমক্ষে একজন নেতার দায়বদ্ধতা ও শিষ্টাচার নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তবে এর বিপরীতে কেউ কেউ আবার সহানুভূতিও দেখিয়েছেন। তাঁদের মতে, পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এক নেটিজেন মন্তব্য করেছেন, কোটি টাকার গাড়িবহর আর সাইরেন বাজিয়ে রাস্তা ফাঁকা করার ক্ষমতা থাকলেও প্রকৃতির ডাকের কাছে সবাই অসহায়, ব্লাডার হয়তো আর চাপ ধরে রাখতে পারছিল না।
আরও
ভাইরাল হওয়া ভিডিওটিতে ওই গভর্নরের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও ঘটনাটি নাইজেরিয়ায় জনপ্রতিনিধিদের শিষ্টাচার ও আচরণ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, দেশটিতে রাজনৈতিক নেতাদের নিয়ে এমন অদ্ভুত বা বিতর্কিত ঘটনা এটাই প্রথম নয়। চলতি মাসের (ফেব্রুয়ারি, ২০২৬) শুরুতেই কাদুনা রাজ্যের সাবেক গভর্নর নাসির এল-রুফাইকে বিমানবন্দরে গ্রেপ্তারে বাধা দিতে তাঁর সমর্থক ও যাত্রীরা মানবঢাল তৈরি করেছিলেন, যা দেশটিতে বড় ধরনের নিরাপত্তা কেলেঙ্কারিতে রূপ নিয়েছিল। সব মিলিয়ে নেতাদের এমন কর্মকাণ্ড সাধারণ মানুষের প্রত্যাশা ও জনপ্রতিনিধিদের আচরণের মধ্যে বিস্তর ফারাকের বিষয়টিই বারবার সামনে নিয়ে আসছে।










