সুদানের পূর্বাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সব ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। সামরিক সূত্র উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, মঙ্গলবার পোর্ট সুদানের প্রধান বিমানবন্দরের নিকটবর্তী ওসমান দিগনা বিমানঘাঁটিতে পৌঁছানোর আগমুহূর্তে ‘ইলিউশিন ইল-৭৬’ মডেলের বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে।
সুদান সশস্ত্র বাহিনী এ ঘটনায় হতাহতের সংখ্যা প্রকাশ করেনি, তবে নিশ্চিত করেছে যে বিমানে থাকা কারও প্রাণ রক্ষা হয়নি। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে সামরিক কর্তৃপক্ষ।
এদিকে আল জাজিরা সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সেনাবাহিনী পশ্চিম কর্ডোফানের কৌশলগত অঞ্চল বাবনুসা থেকে সরে যাওয়ার প্রক্রিয়ায় ছিল। আরএসএফ দাবি করেছে, ডিসেম্বরের শুরুতে তারা এ অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়।
আরও
গত মাসে আরএসএফ আল-ফাশারে ব্যাপক হত্যাকাণ্ড ঘটিয়ে শহরটি দখল করার পর সংঘাতের কেন্দ্রস্থল কর্দোফান অঞ্চলে সরতে থাকে। এই সংঘাতে সংযুক্ত আরব আমিরাত আরএসএফকে সহায়তা করছে বলে নানা আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ থাকলেও আমিরাত বিষয়টি অস্বীকার করে আসছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সরকারবাহিনী ও আরএসএফ-এর সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং অন্তত ১ কোটি ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ মানবিক সঙ্কটে পরিণত হয়েছে।












