সর্বশেষ

এবার ভারতের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিলো ইরান

Iran indaiCity ads Investment (1)

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে প্রভাবশালী দেশ ইরান এবার ভারতীয় নাগরিকদের জন্য বড় ধরনের নীতিগত পরিবর্তন আনল। মানব পাচার, অপহরণ ও ভিসা–সম্পর্কিত জালিয়াতি বেড়ে যাওয়ায় ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে তেহরান। আগামী ২২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে সোমবার ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের জারি করা পরামর্শে জানানো হয়েছে।

দূতাবাসের বিবৃতিতে উল্লেখ করা হয়, ভিসামুক্ত সুবিধার সুযোগ দেখিয়ে কিছু ভারতীয় নাগরিককে ইরানে যাওয়ার জন্য প্রলুব্ধ করা হচ্ছিল। সেখানে পৌঁছানোর পর তাদের অনেককে চাকরির প্রলোভন দেখানো অপরাধী চক্র অপহরণ বা আটকে রেখে অনৈতিক কাজে জড়িয়ে ফেলছিল। এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতেই ইরান এই সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতসহ কয়েকটি দেশের জন্য ইরান ছয় মাসে একবার সর্বোচ্চ ১৫ দিন থাকার সুযোগ দিয়ে ভিসামুক্ত প্রবেশ চালু করেছিল। এ সুবিধা পর্যটক ও ব্যবসায়ীসহ সাধারণ ভ্রমণকারীদের জন্য ভ্রমণ সহজ করেছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে মানবপাচার ও জালিয়াতির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ায় তেহরান বাধ্য হয় নীতি বদলাতে।

নতুন নিয়ম অনুযায়ী, ভারতীয় নাগরিকদের এখন থেকে ইরানে প্রবেশের আগে অবশ্যই ভিসা সংগ্রহ করতে হবে। এর ফলে ভ্রমণ প্রক্রিয়া আগের তুলনায় জটিল ও সময়সাপেক্ষ হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে দুই দেশের জনসমাগম ও ব্যবসায়িক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

বিশ্লেষকদের মতে, তেহরানের এই সিদ্ধান্ত ভারত–ইরান দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যদিও ইরানের পক্ষ থেকে এটি নিরাপত্তাজনিত প্রয়োজনীয়তা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, তবে সামগ্রিক সম্পর্কের ওপর এর প্রভাব পড়বে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup