থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ কোহ ফা-নগানে মাদক পার্টি থেকে চারজন ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ায় শান্তি উদ্যাপন করতে গিয়ে তারা এই পার্টিতে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে দ্বীপটির বান শ্রী থানু এলাকার একটি বিলাসবহুল ভিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিটে উচ্চস্বরের সংগীত ও হৈচৈ নিয়ে অভিযোগ পাওয়ার পর পর্যটন পুলিশ ভিলাটিতে তল্লাশি চালায়। সেখানে ২৬ থেকে ২৭ বছর বয়সী চারজন ইসরায়েলি যুবককে সন্দেহজনক আচরণের মধ্যে পাওয়া যায়। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে ০.৫৯ গ্রাম কোকেন এবং ১.৩৭ গ্রাম গুঁড়া এক্সট্যাসি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ইসরায়েলিরা পুলিশকে জানান, তারা সবাই সৈনিক এবং ছুটিতে এসে ইসরায়েল-হামাস যুদ্ধের সমাপ্তি উপলক্ষে ১০ থেকে ১৫ জন সহকর্মীর সঙ্গে পার্টি করছিলেন। শব্দের অভিযোগ পাওয়ার পর বাকিরা স্থান ত্যাগ করলেও তারা সেখানে থেকে যান।
আরও
পরবর্তীতে চারজনকে কোহ ফা-নগান হাসপাতালে নেওয়া হলে তাদের শরীরে কোকেন ও মেথামফেটামিন ব্যবহারের প্রমাণ মেলে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পর্যটন পুলিশের পরিদর্শক কর্নেল উইনিট বুনচিট জানান, অভিযুক্তরা দাবি করেছে তারা পার্টিতে উপস্থিত অন্য ইসরায়েলিদের কাছ থেকেই মাদক সংগ্রহ করেছিল। তবে তাদের পরিচয় জানাতে পারেনি। পুলিশ ঘটনাটির সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।












