ইতালির তুসকানি অঞ্চলের ছোট শহর রাদিকনদোলি নতুন বাসিন্দাদের আকৃষ্ট করতে এক অদ্ভুত উদ্যোগ নিয়েছে। এখানে কেউ যদি স্থায়ীভাবে বসবাস শুরু করেন, তবে তাকে প্রায় ২৩ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকারও বেশি) দেওয়া হবে। এ ছাড়াও পরিবহন ও অন্যান্য খরচের জন্য ৬ হাজার ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা মিলবে।
রাদিকনদোলি শহরের বর্তমান জনসংখ্যা মাত্র ৯৬৬ জন, যেখানে প্রায় ১০০টি বাড়ি ফাঁকা। জনসংখ্যা বাড়াতে স্থানীয় প্রশাসন ২০২৩ সালে এই কর্মসূচি চালু করে। এ উদ্যোগের আওতায় নতুন বাসিন্দারা শহরের খালি বাড়ি কিনে সেখানে বসবাস শুরু করলে সরকারি আর্থিক সহায়তা পাবেন।
এ বছর সরকারি কর্মসূচিটি আরও সম্প্রসারিত করা হয়েছে। এখন নতুন বাসিন্দাদের প্রথম দুই বছরের ভাড়া সরকারের পক্ষ থেকে ৫০ শতাংশ সহায়তা করা হবে। স্থানীয় মেয়র ফ্রানচেসকো গুয়ারগুয়ালিনি জানান, ২০২৫ সালের জন্য প্রায় ৪ লাখ ৬৫ হাজার ডলার বরাদ্দ রাখা হয়েছে, যা বাড়ি কেনা, ভাড়া, শিক্ষার্থী সুবিধা, গণপরিবহন ও পরিবেশবান্ধব শক্তি উদ্যোগে ব্যবহার করা হবে।
আরও
বর্তমানে শহরে গড় মাসিক ভাড়া ৪০০ ইউরো হলেও সরকারি ভর্তুকির পরে তা মাত্র ২০ ইউরোতে নেমে আসবে। তবে শর্ত হলো, যারা বাড়ি কিনবেন তাদের কমপক্ষে ১০ বছর, আর ভাড়াটিয়াদের অন্তত ৪ বছর সেখানে থাকতে হবে।
ইতালির এই কর্মসূচি দেশের জনসংখ্যা হ্রাস রোধে নেওয়া একাধিক অঞ্চলের এমন উদ্যোগের অংশ। রাদিকনদোলির পরিকল্পনা শুধু বসবাসের আর্থিক প্রলোভন নয়, বরং শহরের পুনর্জাগরণ ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যও বয়ে নিয়ে চলছে।












