মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান দিলেও ইসরাইলের হামলা অব্যাহত থাকায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, হামাসের আংশিক সমঝোতার প্রস্তাবের পরও ইসরাইল ভোর থেকেই গাজা শহর ও আশেপাশের এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে।
গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল জানিয়েছেন, রাতটি ছিল অত্যন্ত ভয়াবহ। ইসরাইলি সেনারা ডজন ডজন বিমান হামলা চালিয়ে গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। এই হামলায় অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে এবং গাজার তুফাহ পাড়া এলাকার একটি বাড়িতে নিহত ও আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বাসসাল আরও জানান, খান ইউনিসে বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলায় দুই শিশু নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। হামলার ফলে সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক ও ধ্বংসের ছবি ফুটে উঠেছে।
আরও
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) হামাস মার্কিন শান্তি পরিকল্পনার জবাবে কিছু শর্তে সমঝোতায় রাজি হয়েছে। তারা ইসরাইলি জিম্মিদের মুক্তি ও ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের হাতে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরে সম্মতি দিয়েছে। হামাস জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যেকোনো সময় আলোচনা শুরু করতে তারা প্রস্তুত।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, হামাসের এই প্রতিক্রিয়ার পর তারা ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে জিম্মিদের মুক্তি কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতি এলাকায় উত্তেজনা ও উদ্বেগের মাত্রা আরও বৃদ্ধি করেছে।












