বিশ্বব্যাপী পর্যটন খাতের প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় ২০২৫ সালে অনেক দেশ তাদের ভিসা নীতি সহজ করেছে। কাজাখস্তান জুলাই থেকে ৫৬টি দেশের নাগরিকের জন্য ভিসা ছাড় দিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র, জার্মানি, ভারতসহ বিভিন্ন দেশের পর্যটক সহজে দেশটিতে যেতে পারবে। চীনে চলতি বছরের মাঝামাঝি ৫৫টি দেশের নাগরিক ২৪০ ঘণ্টা ট্রানজিট ভিসা ছাড়া প্রবেশ করতে পারছে। এই পদক্ষেপে চীনের পর্যটক সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে।
শ্রীলঙ্কা জুলাই থেকে ৪০টি দেশের নাগরিকদের ভিসা ফি মওকুফ করেছে, এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও সৌদি আরবসহ দেশগুলো রয়েছে। ভিয়েতনাম আগস্ট থেকে ১২টি নতুন ইউরোপীয় দেশের নাগরিককে ৪৫ দিন ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিয়েছে। আফ্রিকার জাম্বিয়া ১ জানুয়ারি থেকে ৫৩টি নতুন দেশকে ভিসামুক্ত তালিকায় যুক্ত করেছে, ফলে মোট সংখ্যা বেড়ে ১৬৭।
ভিসা সহজীকরণের ফলে হোটেল, রেস্তোরাঁ, গাইড সার্ভিস ও স্থানীয় ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়ছে। শ্রীলঙ্কা এ বছর ৩০ লাখ পর্যটককে আকর্ষণ করে ৫ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য রেখেছে। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, ভিসা সহজীকরণের ধারা বিশ্ব পর্যটনের চিত্র বদলে দেবে এবং পর্যটকের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।












