ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে পাকিস্তানের ২৪ নাগরিকসহ ২৭ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাস ইসা বন্দরে অবস্থানকালে জাহাজটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
মন্ত্রী জানান, ১৭ সেপ্টেম্বর ট্যাঙ্কারটিতে পাকিস্তানি ক্রু ছাড়াও দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি নাগরিক ছিলেন। জাহাজটির ক্যাপ্টেনও পাকিস্তানি। হামলার পর ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে, তবে ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরপর হুতি বিদ্রোহীদের নৌযান ট্যাঙ্কার থামিয়ে ক্রুদের কিছু সময়ের জন্য বন্দি করে রাখে।
পরে কূটনৈতিক প্রচেষ্টা ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে ট্যাঙ্কার ও তার ক্রুরা মুক্তি পেয়ে ইয়েমেনের জলসীমার বাইরে চলে আসে। মন্ত্রী নকভি জানান, নিরাপত্তা বাহিনী, ওমান ও সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানি কূটনীতিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেছেন।
আরও
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্যাঙ্কারের সব পাকিস্তানি ক্রু নিরাপদে আছেন। ঘটনার খবর পাওয়ার পরপরই ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয় এবং ক্রুদের অবস্থা সম্পর্কে নিয়মিতভাবে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।
বর্তমানে জ্বালানি ট্যাঙ্কারটি যাত্রা শুরু করেছে এবং সব ক্রু নিরাপদে রয়েছেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।













