আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন। তবে এই স্বীকৃতির আগে ইসরায়েলকে অবশ্যই কয়েকটি কঠোর শর্ত মানতে হবে বলেও জানান তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা গেছে, স্টার্মার বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ, যুদ্ধবিরতির চুক্তি, পশ্চিম তীর দখল না করার নিশ্চয়তা এবং দ্বিরাষ্ট্র ভিত্তিক শান্তিপূর্ণ সমাধানে অঙ্গীকার না করলে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তিনি জানান, এই শর্তগুলো পূরণ না হলে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য একতরফাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
স্টার্মার স্পষ্ট করে বলেন, হামাসকে ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে বিবেচনা করা হয় না এবং ইসরায়েলের সঙ্গে তাদের তুলনা চলে না। তিনি হামাসকে জিম্মিদের মুক্তি দিতে এবং যুদ্ধবিরতির জন্য চুক্তিতে আসার আহ্বান জানান। তার মতে, যুদ্ধ শেষ হলে গাজা পরিচালনায় হামাসের কোনো ভূমিকাই থাকা উচিত নয়।
আরও
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের লক্ষ্য হলো—স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ও স্বীকৃত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, ফিলিস্তিনের স্বীকৃতি যুক্তরাজ্যের মানবিক ও রাজনৈতিক দায়িত্বের অংশ এবং বর্তমান সংঘাতের দ্রুত অবসান প্রয়োজন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের ঘোষণার আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও একই রকম ঘোষণা দেন। গত ২৪ জুলাই এক্স (সাবেক টুইটার)-এ পোস্টে তিনি জানান, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এ সিদ্ধান্ত একটি ঐতিহাসিক পদক্ষেপ।













