যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণের সঙ্গে সঙ্গেই এক ভারতীয় বংশোদ্ভূত পাইলটকে ককপিট থেকে গ্রেপ্তার করেছে হোমল্যান্ড সিকিউরিটি। রোববার (স্থানীয় সময়) সকাল ৭টা ৫ মিনিটে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের পর এই ঘটনা ঘটে। অভিযুক্ত পাইলটের নাম রুস্তম ভাগওয়াগার (৩৪), যিনি মার্কিন ডেল্টা এয়ারলাইন্সের হয়ে কাজ করতেন।
গ্রেপ্তারের পেছনে রয়েছে এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহর থেকে উড্ডয়ন করে সান ফ্রান্সিসকো পৌঁছানো মাত্রই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগেভাগে প্রস্তুত ছিলেন। অবতরণের ১০ মিনিটের মধ্যেই তদন্ত দল সরাসরি বিমানের ভেতরে ঢুকে তাকে ককপিট থেকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে। এ সময় যাত্রীরা এখনো বিমান থেকে নামেননি, ফলে পরিস্থিতি ছিল বেশ নাটকীয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযানের বিষয়টি এতটাই গোপনীয় ছিল যে, পাইলটের সহকর্মী সহ-পাইলট পর্যন্ত তা জানতেন না। পাইলট রুস্তমের বিরুদ্ধে চলতি বছরের এপ্রিল মাস থেকেই তদন্ত চলছিল এবং সম্প্রতি তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
আরও
স্থানীয় পুলিশের ভাষ্যমতে, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ ছিল এক কিশোরীকে যৌন নিপীড়নের, যা আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, তারা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত এবং অভিযুক্ত পাইলটকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে। তারা ‘জিরো টলারেন্স’ নীতিতে অবিচল বলেও জানায়।
এই ঘটনায় মার্কিন বিমান পরিবহন খাতে নিরাপত্তা এবং কর্মীদের আচরণ সম্পর্কিত নীতিমালাও নতুন করে আলোচনায় এসেছে। তদন্ত চলমান রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।









