ইতালিতে বাবা-মায়ের সঙ্গে ভ্রমণে গিয়ে লেকের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ১২ বছরের এক বাংলাদেশি শিশু। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে মুলভেনো লেকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আব্দুস সামাদ রাউফ। তিনি ইতালি প্রবাসী আবু বক্কর সিদ্দিকের বড় ছেলে এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পাক্কার মাথা এলাকার মৃত আব্দুল সাদেক মেম্বারের নাতি।
ঘটনার পর ইতালি পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাউফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালি প্রবাসী ও নিহতের প্রতিবেশী সজীব আল হুসাইন।
পারিবারিক সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক প্রায় দুই দশক ধরে ইতালিতে বসবাস করছেন। বিয়ের পর স্ত্রী ও সন্তানদের নিয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দুই ছেলের মধ্যে রাউফ ছিল বড়। সে ভেনিস শহরের একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা স্থানীয় এবিএম জাহাজ নির্মাণ কোম্পানির চেয়ারম্যান।
আরও
প্রত্যক্ষদর্শীরা জানান, ভেনিসের মেসরে শহর থেকে কয়েকটি পরিবার পিকনিকের উদ্দেশ্যে মুলভেনো লেকে যান। দুপুরের খাবারের পর সবাই পানিতে গোসল করতে নামেন। রাউফের পরিবারও পানিতে নামলেও সে তখন খেলাধুলায় ব্যস্ত ছিল। হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্দেহ হলে পুলিশ ও ফায়ার সার্ভিস তল্লাশি চালিয়ে লেকের পানি থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।
নিহতের মৃত্যুতে ইতালির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে আনা হবে নাকি ইতালিতেই দাফন করা হবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সজীব আল হুসাইন।












