চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নাম থাকায় অভিনেতা ও খলনায়ক ডনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে হেফাজতে নিয়ে আদালতে পাঠিয়েছে। রোববার (৯ আগস্ট) সিআইডি পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
সিআইডি সূত্রে জানা যায়, ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার জন্য রোববার সকাল ৬টার দিকে বিমানবন্দরে যান ডন। পাসপোর্টের তথ্যানুযায়ী তার ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল। তবে সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির তালিকায় তার নাম থাকায় এবং গত বছর আদালত কর্তৃক দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে দুপুর আনুমানিক ১টার দিকে বিমানবন্দর থেকে তাকে সিআইডির হেফাজতে নেওয়া হয়। সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানিয়েছেন, ডনকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ ফ্ল্যাট থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় তাঁর জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় এই মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোড়ন তোলে। শুরুতে অপমৃত্যুর মামলা হলেও পরবর্তীতে ছেলের মৃত্যুর পেছনে হত্যা মামলা করার আবেদন জানান সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। দীর্ঘ সময় ধরে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত, র্যাব ও পিবিআই মামলাটি তদন্ত করেছে। এর আগে বিভিন্ন তদন্ত প্রতিবেদনে বিষয়টিকে ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করা হলেও সালমানের পরিবার তা বরাবরই প্রত্যাখ্যান করে আইনি লড়াই চালিয়ে গেছে। পরবর্তীতে ২০২১ সালে পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেওয়া হলেও সালমানের পরিবারের করা রিভিশন আবেদন ২০২৫ সালের অক্টোবর মাসে ঢাকা ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মঞ্জুর করেন।










