ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রের পর্দায় তেমন নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয়তা বরাবরের মতোই চোখে পড়ার মতো। ব্যক্তিগত জীবন ও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তিনি প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি এক সঙ্গীতানুষ্ঠানে অংশ নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করায় আবারও ব্যাপক আলোচনায় আসেন এ অভিনেত্রী।

প্রকাশিত ৩২ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, পরীমনি নিজেই সেলফি মোডে মুহূর্তটি ধারণ করছেন। অনুষ্ঠানে লাইভ মিউজিক চলাকালে এক গায়ক মাইক্রোফোন হাতে তার কাছে এসে গান পরিবেশন করেন। পরীমনিও হাসিমুখে তার সঙ্গে জনপ্রিয় বাংলা গান ‘এই মন তোমাকে দিলাম’-এর কয়েকটি লাইন গেয়ে সঙ্গ দেন। গায়ক যখন তার দিকে হাত বাড়ান, পরীমনি তা ধরে নেন এবং দুজনই সেই মুহূর্ত উপভোগ করেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন— “এই প্রেম তোমাকে দিলাম।”
আরও
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক নেটিজেন তার স্বতঃস্ফূর্ততা ও আনন্দঘন মুহূর্তকে ইতিবাচকভাবে গ্রহণ করলেও উল্লেখযোগ্য সংখ্যক ব্যবহারকারী একে ‘অতিরিক্ত’ বা ‘অশোভন’ বলে মন্তব্য করেন। বিশেষ করে গায়কের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে নানা সমালোচনা করেন অনেকে।
পরীমনিকে ঘিরে আলোচনা নতুন নয়। ব্যক্তিগত জীবন, বিশেষ করে একাধিক বিয়ে-বিচ্ছেদ এবং বর্তমানে একক মাতৃত্ব— সবই এর আগেও তাকে আলোচনায় রেখেছে। সম্প্রতি জন্মদিন একাধিক দিন ধরে জাঁকজমকভাবে উদযাপন করাও তাকে নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে।
ভিডিওর মন্তব্য বিভাগে একাধিক নেটিজেন তার ব্যক্তিগত জীবনকে টেনে নেতিবাচক মন্তব্য করেন। একজন মন্তব্য করেছেন— “গান করো ভালো কথা, কিন্তু গায়ে এসে এভাবে ওঠানামা কেন?” আরেকজন লিখেছেন— “পরীমনির প্রেম আর শেষ হয় না।” এসব সমালোচনার মাঝেই ভিডিওটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।












