ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ঘিরে নানা সময় নানা গুঞ্জন ছড়ালেও এসব নিয়ে খুব একটা ভাবেন না তিনি। বরং নিজের মতো করেই চলতে পছন্দ করেন এই নায়িকা। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ব্যক্তিজীবনের নানা অজানা বিষয় অকপটে প্রকাশ করেন তিনি। সেখানে প্রেম, বিয়ে ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন পরীমনি।

অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খানের এক প্রশ্নের উত্তরে পরীমনি জানান, গায়ক শেখ সাদী তাঁর ভাইয়ের মতো। তিনি মজা করে বলেন, “আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। কারণ, আমার মধ্যে সারাক্ষণ প্রেমের অনুভূতি থাকে, যা থাকা ভালো।”
বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে পরীমনি জানান, তিনি এখন পর্যন্ত একবারই বিয়ে করেছেন—চিত্রনায়ক শরীফুল রাজকে। তবে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি তিনি জীবনের অভিজ্ঞতা হিসেবেই দেখছেন। তাঁর ভাষায়, “আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।”
অভিনয়জীবন শুরুর আগেই পরীমনি খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন বলে খবর ছড়িয়েছিল। এবারে সে বিষয়েও মুখ খোলেন তিনি। ইসমাইল সম্পর্কে পরীমনি বলেন, “হ্যাঁ, উনি আমার সৎস্বামী ছিলেন।” মজার ছলে তিনি আরও বলেন, “ছোটবেলা থেকে আমি বলতাম, আমি এক ডজন বিয়ে করব। সেটাই হয়তো গুজব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”
প্রেম, বিয়ে ও আলোচনায় বারবার উঠে আসা পরীমনি স্বীকার করেন, তাঁর জীবনে প্রেম এক অবিচ্ছেদ্য অংশ। আলোচিত এই অভিনেত্রী জানান, সবকিছু নিয়েই তিনি স্বচ্ছ থাকতে পছন্দ করেন, আর জীবনের প্রতিটি অভিজ্ঞতাকেই তিনি নতুনভাবে শেখার সুযোগ হিসেবে দেখেন।











