অনলাইনভিত্তিক ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটকবিডি’ এবং এর উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ অনুষ্ঠান পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওবাইদুল্যাহ আল মামুন আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তাদের বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ প্রদান করেছেন।

আইনজীবী মামুন অভিযোগ করেন, অতিরিক্ত ভিউ ও জনপ্রিয়তার আশায় তমা রশিদ অনুষ্ঠানগুলোতে অশ্লীল ও অশ্রাব্য শব্দ ব্যবহার করছেন, যা দেশের সামাজিক, পারিবারিক এবং ধর্মীয় মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের কনটেন্ট তরুণ সমাজকে বিভ্রান্ত করছে এবং সামাজিক অবক্ষয়ে ভূমিকা রাখছে বলেও জানান তিনি।
আরও


লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ভবিষ্যতে এমন কনটেন্ট নির্মাণ থেকে বিরত থাকার জন্য তমা রশিদকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি, পূর্বে প্রকাশিত অশ্লীল ভিডিওগুলো সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানা হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আইনজীবী আরও বলেন, “বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতি ও নৈতিকতা রক্ষায় আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই নোটিশ প্রদান করেছি। এমন বিতর্কিত ও আপত্তিকর কনটেন্ট আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি।”
এ বিষয়ে এখনও তমা রশিদ বা ‘ফ্ল্যাশটকবিডি’ কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।













