যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও নতুন নিষেধাজ্ঞার আশঙ্কায় মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড তলানিতে নেমেছে ইরানের মুদ্রা রিয়ালের মান। রোববার (২৩ আগস্ট) দেশটির বাজারে প্রতি মার্কিন ডলার ২০ লাখ রিয়ালে লেনদেন হয়েছে। তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঠিক এক দিন আগে রিয়ালের এই ব্যাপক দরপতন ঘটল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আসন্ন এই নিষেধাজ্ঞাকে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তবে প্রায় ছয় মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের এই সংঘাত শুরুর আগে থেকেই দেশটি তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। এখন রিয়ালের এই রেকর্ড দরপতনের ফলে ইরানের অভ্যন্তরীণ অর্থনীতিতে চাপ আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
খবরে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে ইরানের বিভিন্ন অবকাঠামো বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তা সত্ত্বেও তেহরান তাদের অবস্থানে এখন পর্যন্ত অনমনীয় রয়েছে। এর জেরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির মধ্য দিয়ে অনুমোদনহীন তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দিচ্ছে ইরান। ফলে এই জলপথটি দিয়ে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।














