সর্বশেষ

রেমিট্যান্সে সুবাতাস, ২৩ দিনেই ২.৫ বিলিয়ন ডলার পাঠালেন প্রবাসীরা

RemittanceCity ads Investment (1)

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনেই দেশে ২৫৬ কোটি ৭০ লাখ বা ২ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই হিসাবে আলোচ্য সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১৬ লাখ ডলার। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রবাসী আয় আসার এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, গত বছরের ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২০৭ কোটি ৬০ লাখ ডলার। সেই হিসাবে বছর ব্যবধানে দেশে প্রবাসী আয় আসার প্রবাহ বেশ বেড়েছে। চলতি অর্থবছরের শুরু অর্থাৎ জুলাই থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২ হাজার ১৯৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বছর ব্যবধানে এই প্রবাসী আয় আসার হার ২১ দশমিক ৯০ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এর আগে গত জানুয়ারি মাসে দেশে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। অন্যদিকে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা ছিল দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। এ ছাড়া গত নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ও সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে। এর আগে আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ও জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

সব মিলিয়ে বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এটি ছিল দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় আসার রেকর্ড।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup