সর্বশেষ

নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের

23Web Popup (3)

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় বিপুল প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের পর দেশটির ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই মানবিক বিপর্যয়ে নেপালকে ১০ লাখ বা ১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) জরুরি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। কাঠমান্ডু ও ঢাকার মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক এবং নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শনস্বরূপ এই অনুদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ খাত থেকে এই মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে, জরুরি অনুদানের এই বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। দাপ্তরিক প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে এই অর্থ নেপাল সরকারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, নেপাল-তিব্বত সীমান্তে আঘাত হানা এই প্রলয়ংকরী দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া বুধবারের (২ সেপ্টেম্বর) সবশেষ তথ্য অনুযায়ী, আকস্মিক এই বন্যার পর ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১ হাজার ১১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দেশটিতে এখনও ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে জোর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

নেপাল সীমান্তের ওপারে চীনেও এই দুর্যোগ ভয়াবহ আঘাত হেনেছে। চীনা অংশে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানে আরও ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ২৬১ জনই বিদেশি নাগরিক। বৈরী আবহাওয়া ও দুর্গম পরিস্থিতির কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় উভয় দিকেই হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup