মালদ্বীপের রাজধানী মালে ১০ তলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে হানজালা নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ২টায় প্রবাসী হানজালার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে জানান দেশটিতে বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান। মৃত হানজালা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার আবদুল সামাদের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানী মালের সবধেলি মাগুতে একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদ থেকে পার্শ্ববর্তী ভবনের টিনের চালে পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে প্রবাসীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন ছিল। তবে, চিকিৎসক তাৎক্ষণিক তার অবস্থা বা আঘাতের বিস্তারিত জানায়নি।
হানজালার আত্মীয়রা জানান, মাত্র ৭ থেকে ৮ মাস আগে হানজালা মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও কর্মস্থলে গিয়ে ছাদে থাকা গাছগুলোতে পানি দিচ্ছিলেন। হাঠাৎ গাছগুলোর সুরক্ষায় একটা দড়ি একপাশ থেকে অন্যপাশে বাঁধার মুহূর্তে পা ছিটকে ১০ তলা থেকে পড়ে যান। এসময় স্থানীয় এবং উদ্ধারকারী টিম এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।
আরও
তারা জানান, শুক্রবার রাত ২টা ২০ মিনিটে গুরুতর আহত হানজালা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিবারেরও আর্থিক অবস্থা ভালো না থাকায় মরদেহ দেশে পাঠাতে সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।











