মালদ্বীপের ফেইধু দ্বীপে কর্মরত এক শ্রীলঙ্কান প্রবাসী আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পবিত্র কালেমা পাঠ করে ধর্মান্তরিত হওয়ার পর তিনি নিজের নতুন নাম রেখেছেন ‘আবদুল্লাহ আদম’। চলতি সপ্তাহে দ্বীপটির একটি স্থানীয় মসজিদে উপস্থিত বিপুলসংখ্যক মুসল্লির সামনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
জানা গেছে, ইসলাম গ্রহণ করা ওই শ্রীলঙ্কান নাগরিকের আগের নাম ছিল জয়সিংহ আরাচ্চিগে ওয়ারুনা প্রভাথ সাদারুয়ান। তিনি ফেইধু দ্বীপের একটি সেলুনে কাজ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক মুসল্লির সহায়তায় তিনি ধীরে ধীরে কালেমার শব্দগুলো উচ্চারণ করছেন। এর মধ্য দিয়ে তিনি ইসলামের একত্ববাদ এবং মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর প্রতি অবিচল বিশ্বাসের কথা ঘোষণা করেন। কালেমা পাঠ শেষ হওয়ার পরপরই মসজিদে উপস্থিত মুসল্লিরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসী কর্মী ও পর্যটকদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা লক্ষণীয়ভাবে বেড়েছে। ইসলামের শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতার শাশ্বত বার্তায় অনুপ্রাণিত হয়ে অনেকেই স্বেচ্ছায় এই ধর্ম গ্রহণ করছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরও
পবিত্র কালেমা পাঠ ও ইসলাম গ্রহণের মধ্য দিয়ে আবদুল্লাহ আদম তাঁর জীবনের সম্পূর্ণ নতুন একটি অধ্যায় শুরু করলেন। স্থানীয় মুসলিম সম্প্রদায় আশা প্রকাশ করেছে যে তিনি ইসলামের সুমহান আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করে ভবিষ্যতে শান্তি ও কল্যাণের পথে নিজের জীবন পরিচালনা করবেন।













