বহু প্রতীক্ষার পর মালদ্বীপের রাজধানী মালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ মাহিদ ও মালদ্বীপের তরুণী মাইশা আবদুল্লাহ। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় দুই পরিবারের সম্মতিতে শহরের সুপরিচিত এলই সুখ ক্যাটারিং রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই বিশেষ আয়োজন। এতে দুই পরিবারের নিকট আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন, যা এক অনন্য সাংস্কৃতিক মেলবন্ধনে রূপ নেয়।
কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়ঘরিয়া গ্রামের প্রবাসী ব্যবসায়ী কবির হোসেন ও আয়শা মাদিহার পুত্র মাহিদ এবং মালদ্বীপের আব্দুল্লাহ ওয়াহিদ ও খাদিজা মুহাম্মদের কন্যা মাইশা ধর্মীয় রীতি অনুযায়ী বিবাহিত জীবনে আবদ্ধ হন। দীর্ঘদিনের পারিবারিক যোগাযোগ ও আন্তরিক সম্পর্কের ফলেই সম্পন্ন হয় এই বিয়ের আনুষ্ঠানিকতা।
আন্তঃসাংস্কৃতিক এই বিবাহকে কেন্দ্র করে দুই পরিবারেই ছিল আনন্দ ও উচ্ছ্বাস। নববধূ পেয়ে বরের পরিবার যেমন উৎফুল্ল, তেমনি স্থানীয়রা বাংলাদেশি বংশোদ্ভূত মাহিদকে স্বাগত জানিয়েছেন আন্তরিকভাবে। প্রবাসী বাংলাদেশিরাও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও
অনুষ্ঠানে বরের চাচা ও মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই বিয়ে শুধু দুই পরিবারের নয়, দুই দেশের সংস্কৃতিরও মেলবন্ধন।
অনুষ্ঠানজুড়ে মালদ্বীপের স্থানীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশি ঐতিহ্যের ছোঁয়া ছিল স্পষ্ট। উপস্থিত অতিথিরা মনে করছেন, এ ধরনের আন্তঃসাংস্কৃতিক মিলন দুই দেশের জনগণের বন্ধুত্বকে আরও গভীর করবে এবং প্রবাসী বাংলাদেশিদের অবস্থানকে ইতিবাচকভাবে তুলে ধরবে।













