মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ দুজনের প্রাণহানি ঘটেছে। গতকাল শনিবার বিকেলে কুয়ালালামপুরের দুতা-উলু কেলাং এক্সপ্রেসওয়েতে (ডিউক) তিনটি লরি ও একটি পিকআপ ভ্যানের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সিটি ট্রাফিক এনফোর্সমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, আয়ের পানাস টোল প্লাজা থেকে আমপাংমুখী সড়কের মাঝ লেনে একটি লরি ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরিটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর অন্য আরেকটি লরি সহায়তার জন্য সেখানে থামে। কিন্তু কিছুক্ষণ পরই পেছন থেকে আসা তৃতীয় আরেকটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে থাকা সব কটি যানবাহনকে একসঙ্গে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ৫২ ও ৫৩ বছর বয়সী দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন স্থানীয় লরিচালক এবং অন্যজন বাংলাদেশি নাগরিক। দুর্ঘটনার সময় তাঁরা দুজনই নিজেদের গাড়ির বাইরে অবস্থান করছিলেন। তৃতীয় লরিটির ধাক্কায় তাঁরা মাঝখানে আটকে পড়েন এবং মাথা ও শরীরে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া এই ঘটনায় ৪৩ ও ৩৫ বছর বয়সী দুই পুরুষ এবং ৩৮ বছর বয়সী এক বিদেশিসহ মোট তিনজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, সর্বশেষ লরিটির চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় তদন্ত করে দেখা হচ্ছে। এ দুর্ঘটনার বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তাঁকে টুন এইচ.এস. লি ট্রাফিক পুলিশ স্টেশনের নির্ধারিত নম্বরে (০৩-২০৭১৯৯৯৯) অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ। খবরটি মালয়েশীয় সংবাদমাধ্যম এনএসটি অনলাইনের বরাতে জানা গেছে।











