কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে মানবপাচার ও জিম্মি করার অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে সদর ইউনিয়নের লেঙ্গুরবিল হাতিয়ারঘোনা এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।
আটক ব্যক্তিরা হলেন— উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. কাসিমের ছেলে মো. হামিম (২১), ঘোনার পাড়া ১৯ নম্বর ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে আরাফাত উল্লাহ (২৬) এবং টেকনাফের লেঙ্গুরবিল এলাকার জাফর আলমের ছেলে আকতার হোসেন (৩৪)।
র্যাব কর্মকর্তা আ ম ফারুক জানান, শুক্রবার সকালে তিনজন ভুক্তভোগী অপহরণকারীদের কবল থেকে পালিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি জানান। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। র্যাব সদস্যরা সন্দেহভাজন একটি ঘর ঘিরে ফেললে ৭-৮ জন পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।
আরও
তিনি আরও বলেন, একটি সংঘবদ্ধ চক্র মালয়েশিয়ায় চাকরির লোভ দেখিয়ে ভুক্তভোগীদের টেকনাফে নিয়ে আসে এবং সাগরপথে পাচারের প্রস্তুতি নেয়। এরপর তাদের একটি গোপন আস্তানায় আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।
আটক তিনজনের বিরুদ্ধে মানবপাচার ও অপহরণের অভিযোগে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।












