ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। হামলায় তাঁর মুখমণ্ডল মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার পাশাপাশি পা গুরুতর জখম হয়েছে। ক্ষত থেকে সেরে উঠতে তিনি এখনো চিকিৎসাধীন। মোজতবা খামেনির ঘনিষ্ঠ তিন ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত যৌথ হামলা চালায় ইসরায়েল ও মার্কিন বাহিনী। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান তাঁর ছেলে মোজতবা খামেনি। তবে প্রথম দফার সেই হামলায় তিনি গুরুতর আহত হন বলে জানিয়েছে রয়টার্স। এরপর গত ৮ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোজতবা। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি; এমনকি তাঁর কোনো অডিও, ভিডিও বা ছবিও প্রকাশ পায়নি।

আরও
রয়টার্সকে সূত্রগুলো জানিয়েছে, হামলায় ৫৬ বছর বয়সী মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে এবং তাঁর একটি বা উভয় পা-ই মারাত্মক জখম হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলোর দাবি, তিনি ধীরে ধীরে ক্ষত থেকে সেরে উঠছেন এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ও তীক্ষ্ণ রয়েছেন। তবে মোজতবার আহত হওয়া বা শারীরিক অবস্থা নিয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এদিকে মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত একটি সূত্রের ধারণা, মোজতবা খামেনি তাঁর একটি পা হারিয়ে থাকতে পারেন। গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও জানিয়েছিলেন যে, মোজতবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তিনি পঙ্গু হয়ে গেছেন। তবে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও অডিও কনফারেন্সের মাধ্যমে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন মোজতবা খামেনি। চলমান যুদ্ধ ও ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনার মতো প্রধান প্রধান ইস্যুগুলোতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তিনি যুক্ত থাকছেন বলে সূত্রের দুজন ব্যক্তি নিশ্চিত করেছেন।
আজ শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন উচ্চপর্যায়ের একটি আলোচনার প্রেক্ষাপটে মোজতবা খামেনির শারীরিক অবস্থা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কতটা উপযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রয়টার্স বলছে, মোজতবার ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের দেওয়া এই বিবরণ গত কয়েক সপ্তাহের মধ্যে তাঁর শারীরিক অবস্থার সবচেয়ে বিশদ চিত্র তুলে ধরলেও, বার্তা সংস্থাটি স্বাধীনভাবে এই দাবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।











