সর্বশেষ

যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

Irani president Masud 2City ads Investment (1)

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের ক্ষেত্রে তিনটি শর্তের কথা তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শর্তগুলো হলো—ইরানের অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের হামলা রোধে আন্তর্জাতিক নিশ্চয়তা। তেহরান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেছেন, কেবল ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি মিললেই এই যুদ্ধের অবসান ঘটতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তিনি ইতিমধ্যে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি ইরানের এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে বর্তমান সংঘাতের শুরু করেছে মূলত ইহুদিবাদী শাসকগোষ্ঠী ও যুক্তরাষ্ট্র। সংঘাত নিয়ন্ত্রণে যখন কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে, ঠিক সেই সময়েই ইরানের প্রেসিডেন্টের কাছ থেকে এমন বক্তব্য এল। এ ছাড়া রাশিয়াও ইরানি নেতৃত্বের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছে এবং দ্রুত এই লড়াই বন্ধের আহ্বান জানাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, ইরানে হামলা চালানোর মতো আর প্রায় কিছুই অবশিষ্ট নেই। গতকাল বুধবার (১১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, তিনি যখন চাইবেন, ঠিক তখনই এই যুদ্ধের সমাপ্তি ঘটবে।

অ্যাক্সিওসকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, যুদ্ধ খুব ভালোভাবেই এগোচ্ছে। এমনকি নির্ধারিত সময়সূচির চেয়েও তাঁরা অনেক এগিয়ে আছেন। ছয় সপ্তাহের মূল পরিকল্পনার মধ্যে যতটুকু ক্ষতি করা সম্ভব বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে তার চেয়েও অনেক বেশি ক্ষতিসাধন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এর আগে বেশ কয়েকবার যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার ইঙ্গিত দিলেও ওয়াশিংটন এখনো সামরিক অভিযান সমাপ্তির কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি। তা ছাড়া যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তেহরান তা মেনে নেবে কি না, সেই বিষয়টিও এখনো অস্পষ্ট।

মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ শেষের এমন মন্তব্যের বিপরীতে সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের কণ্ঠে। তিনি স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কাৎজ বলেন, যতক্ষণ প্রয়োজন, ঠিক ততক্ষণ এই অভিযান চলতে থাকবে। সব লক্ষ্য পূরণ করে চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত কোনো সময়সীমা ছাড়াই এই যুদ্ধ অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup