ভারত মহাসাগরে শ্রীলঙ্কার জলসীমার কাছে ডুবতে বসেছে ইরানের একটি যুদ্ধজাহাজ। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩০ জন নৌসেনাকে জীবিত উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। আজ বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কার সামরিক কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, জাহাজটি থেকে জরুরি বিপৎসংকেত পাওয়ার পরপরই দ্রুত সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়। বৈরী আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বেশ কয়েকজন নৌসেনাকে প্রাণে রক্ষা করা সম্ভব হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত জাহাজটিতে মোট ১৮০ জন ক্রু ছিলেন। উদ্ধার করা আহত নৌসেনাদের দেশটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ডুবতে বসা জাহাজটি ইরানের নৌবাহিনীর শক্তিশালী ফ্রিগেট ‘আইরিস দেনা’। এটি শ্রীলঙ্কার গল শহরের কাছাকাছি অবস্থানে থাকার সময় বিপদের মুখে পড়ে সাহায্যের বার্তা পাঠিয়েছিল। জাহাজটি ঠিক কী কারণে ডুবতে শুরু করেছে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
আরও
তবে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা এটিকে প্রাথমিকভাবে কারিগরি ত্রুটি হিসেবে ধারণা করলেও, সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে অন্তর্ঘাতমূলক হামলার আশঙ্কাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না। বর্তমানে উদ্ধার হওয়া নৌসেনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিখোঁজ বাকি সদস্যদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।











