ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত শাহ-এর নির্বাসিত পুত্র রেজা শাহ পাহলভি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে তিনি প্রথমেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। পাহলভি উল্লেখ করেন, ইরানের জনগণের উদ্দেশে ট্রাম্পের ‘তোমাদের স্বাধীনতার সময় এসে গেছে’—এমন বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
পাহলভি তার লেখায় দাবি করেন, গত প্রায় অর্ধশতাব্দী ধরে ইরানের বর্তমান ইসলামি প্রজাতন্ত্র প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার পাশাপাশি বিশ্বজুড়ে সংঘাত উসকে দিয়েছে। একই সঙ্গে দেশটি পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা চালিয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন। তবে তিনি মনে করেন, এই শাসনের সবচেয়ে জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে দেশটির অভ্যন্তরেই। বিশেষ করে গত জানুয়ারিতে বিক্ষোভ দমনের সময় হাজারো প্রতিবাদকারী নিহত হওয়ার ঘটনাকে তিনি বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন।
ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক পথরেখা নিয়ে পাহলভি বলেন, এখন একটি নতুন সংবিধান প্রণয়ন এবং গণভোটের মাধ্যমে তা অনুমোদনের সময় এসেছে। এরপর আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেন তিনি। ইতিহাসের বাঁক পরিবর্তনের মুহূর্তগুলো সবসময় আগাম ঘোষণা দিয়ে আসে না উল্লেখ করে তিনি লিখেছেন, এমন কিছু সময় আসে যখন সাহস, সঠিক নেতৃত্ব এবং জাতীয় সংহতি একটি জাতির ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে।









