সর্বশেষ

হিজাব আন্দোলনে পুলিশ হত্যা, একজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Iran executes one person for killing police during hijab protestProbashir city Popup 19 03

ইরানে হিজাববিরোধী আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগে মেহরান বাহরামিয়ান নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দেশটির বিচারবিভাগ-সংশ্লিষ্ট ওয়েবসাইট মিজান এ তথ্য নিশ্চিত করেছে।

২০২২ সালে নৈতিকতা পুলিশের হেফাজতে তরুণী মাসা আমিনির মৃত্যুকে ঘিরে ইরানজুড়ে শুরু হয় ব্যাপক আন্দোলন। কয়েক মাসব্যাপী সেই বিক্ষোভে শত শত মানুষ প্রাণ হারান, যাদের মধ্যে ছিলেন সাধারণ বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

মিজানের তথ্যমতে, ২০২২ সালের ডিসেম্বরে ইস্ফাহান প্রদেশের সেমিরোম এলাকায় পুলিশ সদস্যদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন বিক্ষোভকারী। তাদের মধ্যে ছিলেন মেহরান বাহরামিয়ান। ওই হামলায় মোহসিন রেজাই নামে এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। এর ধারাবাহিকতায় মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে এখন পর্যন্ত অন্তত ১০ জন বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বাহরামিয়ানের ভাই ফাজেলকেও একই অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আরেক ভাই মোরাদ আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন। এ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বন্দিদের দীর্ঘদিন নির্জন কারাগারে রেখে নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়, যা পরে আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়।

উল্লেখ্য, অ্যামনেস্টি ও অন্যান্য মানবাধিকার গোষ্ঠীর তথ্যমতে, চীনের পর বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয় ইরানে। দেশটিতে হত্যা, ধর্ষণ ও গুপ্তচরবৃত্তির মতো অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, যা সাধারণত ভোরবেলায় ফাঁসির মাধ্যমে কার্যকর করা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03