Long Popup (2)
সর্বশেষ

পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীকে বহনকারী হেলিকপ্টারের জরুরি অবতরণ

Image 317683ProbashircityWebPopupUpdate

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বহনকারী হেলিকপ্টার। প্রতিকূল পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে হেলিকপ্টারটির জরুরি অবতরণ করানো হয়। আজ মঙ্গলবার (১১ আগস্ট) এ ঘটনা ঘটে। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি এবং মুখ্যমন্ত্রীসহ তাঁর সফরসঙ্গীরা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

দমদম থেকে আকাশপথে রওনা হওয়ার পর হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করলে পাইলট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোলাঘাটে অবতরণের সিদ্ধান্ত নেন। এরপর সেখান থেকে সড়কপথে কেশপুরের অনুষ্ঠানস্থলের দিকে রওনা হন মুখ্যমন্ত্রী। ফলে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে তিনি সভামঞ্চে পৌঁছান। কেশপুরে পৌঁছে উপস্থিত জনতার উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, প্রচণ্ড দুর্যোগের কারণে বাধ্য হয়ে কোলাঘাটে নামতে হয়েছে। তবে যেকোনো মূল্যে কেশপুরের মানুষের কাছে আসার তাগিদেই তিনি দেরি হলেও সড়কপথে ছুটে এসেছেন।

এদিন কেশপুরের মঞ্চ থেকে রাজনৈতিক বিরোধীদের কড়া ভাষায় হুঁশিয়ারিও দেন শুভেন্দু অধিকারী। পুরোনো একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৪ সালে এই কেশপুরেই তাঁকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে এবং তাঁদের জেলে পাঠাতে পুলিশ সুপারকে ওই মামলাটি নতুন করে চালু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ‘মোদি জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার কারণে সাধারণ মানুষের ওপর যেসব অত্যাচার হয়েছে বা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তা দ্রুত প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি।

রাজনৈতিক বার্তার পাশাপাশি এলাকার উন্নয়নের বিষয়েও এদিন গুরুত্বপূর্ণ ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি মোহবনী উন্নয়ন পর্ষদের কার্যক্রম ত্বরান্বিত করতে প্রাথমিকভাবে পাঁচ কোটি টাকা বরাদ্দের কথা জানান। শুভেন্দু অধিকারী বলেন, পর্ষদ গঠিত হলেও এখন পর্যন্ত প্রত্যাশিত কাজ শুরু করা যায়নি। তবে পুরো বিষয়টি গুছিয়ে নিয়ে খুব শিগগিরই পুরোদমে এলাকার উন্নয়নের কাজ শুরু হবে বলে তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate