পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় তিন বছর বয়সী সন্তান কাঁদছিল। এতে বিরক্ত হয়ে নিজের শিশুসন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন এক মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার ছৌলি গ্রামে। অভিযুক্ত ওই মায়ের নাম রুচি জিন্দাল (৩২)।
সংবাদমাধ্যম এনডিটিভির মঙ্গলবারের (২৮ জুলাই) এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৮ জুন শিশুটিকে হত্যার পর রুচি জিন্দাল তাঁর স্বামী কৃষ্ণ মুরারি গুপ্তকে ফোন করে জানান, দীর্ঘক্ষণ কান্নাকাটির পর তাঁদের সন্তান আর নড়াচড়া করছে না। তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। কাকতালীয়ভাবে ওই দিনই শিশুটিকে পোলিও টিকা দেওয়া হয়েছিল। ফলে স্বামী কৃষ্ণ মুরারি ভেবেছিলেন, হয়তো টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়াতেই তাঁর সন্তানের মৃত্যু হয়েছে। স্ত্রীর কথায় কোনো সন্দেহ না করে সেদিন তিনি শিশুটিকে সমাহিতও করেন।
তবে ঘটনার নাটকীয় মোড় ঘোরে প্রায় এক মাস পর। গত সোমবার কৃষ্ণ মুরারি হঠাৎ আড়াল থেকে শুনতে পান, তাঁর স্ত্রী ফোনে কারও সঙ্গে শিশুটিকে হত্যার বিষয়ে কথা বলছেন। এরপর তাঁর ভাই গোবিন্দ গুপ্ত রুচির ফোন পরীক্ষা করে দেখেন, এক ব্যক্তির সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত কথা বলে আসছেন এবং তিনিই মূলত তাঁর পরকীয়া প্রেমিক। বিষয়টি বুঝতে পেরে পরিবার পুলিশের দ্বারস্থ হয়।
আরও
স্থানীয় বালদেব থানার কর্মকর্তা অজয় শর্মা জানান, এ ঘটনায় রুচি জিন্দালের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মানব হত্যার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট সঞ্জিব কুমার রায় জানিয়েছেন, প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য খুব শিগগিরই শিশুটির মরদেহ কবর থেকে উত্তোলন করা হবে। ওই ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।











