ভারতের তেলেঙ্গানা রাজ্যে বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ নিশ্চিত করতে একটি ঐতিহাসিক আইন পাস করা হয়েছে। সম্প্রতি রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে ‘তেলেঙ্গানা এমপ্লয়িজ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড মনিটরিং অব প্যারেন্টাল সাপোর্ট বিল, ২০২৬’ শীর্ষক এই বিলটি পাস হয়। ভারতের প্রথম রাজ্য হিসেবে তেলেঙ্গানা এই ধরণের পদক্ষেপ গ্রহণ করল।
এই নতুন আইনের আওতায় সরকারি ও বেসরকারি চাকরিজীবী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য তাদের বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ বাধ্যতামূলক করা হয়েছে। কোনো সন্তান যদি এই আইন অমান্য করে মা-বাবাকে অবহেলা করে, তবে তার মাসিক বেতন থেকে একটি নির্দিষ্ট অংশ কেটে রাখা হবে। আইন অনুযায়ী, মাসিক বেতনের ১৫ শতাংশ বা সর্বোচ্চ ১০ হাজার টাকা (whichever is lower বা যেটি প্রযোজ্য) কেটে আইন ভঙ্গকারীর মা-বাবাকে প্রদান করা হবে।
বিধানসভায় বিলটি উত্থাপনের সময় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেসব সন্তান মা-বাবাকে অবহেলা করে, তাদের সামাজিকভাবে বয়কট করা উচিত।” তিনি রেমন্ড গ্রুপের সাবেক চেয়ারম্যান বিজয়পত সিংহানিয়ার উদাহরণ টেনে বলেন, বিপুল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও শেষ বয়সে নিজের ছেলের কারণে তাকে অসহায় ও নিঃস্ব জীবন কাটাতে হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
আরও
মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে বেতনের সর্বোচ্চ সীমা ১০ হাজার টাকা রাখা হলেও, বৃদ্ধ মা-বাবারা যাতে আরও বেশি আর্থিক ও সামাজিক নিরাপত্তা পান, সেজন্য এই সীমা বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হবে।
সদ্য পাস হওয়া এই বিলটিকে বিধানসভার স্পিকার জি. প্রসাদ কুমার এবং বিজেপি সদস্য পায়েল শঙ্করসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্বাগত জানিয়েছেন। পায়েল শঙ্কর তার প্রতিক্রিয়ায় বলেন, “মা-বাবার সেবার জন্য আইন করতে হচ্ছে এটি দুর্ভাগ্যজনক। কিন্তু সামাজিক বাস্তবতায় সরকারের এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী।” বিধানসভায় উপস্থিত অন্য বিধায়করাও বিলটিকে জোরালো সমর্থন জানান।










