ছত্তিশগড়ের সুরজপুর জেলায় বাংলায় কথা বলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় বজরং দলের কয়েকজন সদস্য আটজন শ্রমিককে ‘বাংলাদেশি’ সন্দেহে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আহতদের মধ্যে চারজন নাবালক রয়েছে, যা ঘটনাটিকে আরও গুরুতর করে তুলেছে।
পুলিশ সূত্র জানায়, আক্রান্ত শ্রমিকরা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মফস্বল থানার চেপরি ও আরশা গ্রামের বাসিন্দা। তারা সুরজপুরের একটি বেকারিতে কাজ করতেন। সোমবার দুপুরে বজরং দলের কয়েকজন যুবক লাঠিসোঁটা হাতে বেকারিতে ঢুকে শ্রমিকদের পরিচয় জানতে চায়। বাংলায় কথা বলায় তাদের ‘বাংলাদেশি’ বলে গালিগালাজ করা হয় এবং মারধর শুরু করা হয়।
অভিযোগ অনুযায়ী, শ্রমিকরা তাদের আধার কার্ড ও ভোটার কার্ড দেখিয়েও রক্ষা পাননি। পরিচয়পত্র থাকা সত্ত্বেও হামলাকারীরা মারধর চালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিকদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও
পুলিশ জানায়, আহতদের মধ্যে চারজন ইতোমধ্যে নিজ বাড়িতে ফিরে গেছেন। বাকি শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় একটি সেফ হোমে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তেওয়াড়ি জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আক্রান্ত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এদিকে, ভুক্তভোগী পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে ভিন রাজ্যে নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা, প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সরবরাহ এবং ভবিষ্যতে এমন সহিংসতার হাত থেকে সুরক্ষার দাবি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।












